ফতুল্লা বিএনপির সম্পাদকের ওপর হামলার অভিযোগ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়ার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।
শুক্রবার ভোরে ফজর নামাজের পর ফতুল্লা মডেল থানার তল্লার দক্ষিণ কায়েমপুরে নিজ বাসার সামনে তিনি এই হামলার শিকার হন।
সন্ত্রাসী হামলার ঘটনায় বারী ভূঁইয়া বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন- নজরুল ইসলাম সরদার (৫৯), সজিব ওরফে জুয়েল (৩৫), সাকিব (১৭), রবিন (২২), নাঈম (২২), সানজিদ (১৮), আবু তাহেরসহ (৪২) অজ্ঞাতনামা আরও ২-৩ জন।
হামলার শিকার ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল বারী ভূঁইয়া জানান, ফজর নামাজ পড়ে ভোর সাড়ে পাঁচটার দিকে নিজ বাসার সামনে পাঁয়চারি করার সময় পূর্ব পরিকল্পিতভাবে একটি সাদা রংয়ের প্রাইভেটকারযোগে এসে অভিযুক্ত নজরুল সরকারের মেয়ে ডালিয়া (২৬) গাড়ির ভিতরে বসে হামলাকারীদের দেখিয়ে দেয়। এসময় গাড়ির ভিতর থেকে নেমে সজিব ওরফে জুয়েল তার পথরোধ করে। সাথে সাথে অপর অভিযুক্তরা তাকে হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা চালায় এবং তার সাথে থাকা ৫৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তিনি আত্মরক্ষার্থে চিৎকার করলে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।
হামলার কারণ সম্পর্কে তিনি জানান, অভিযুক্ত নজরুল ইসলাম সরকারের বিরুদ্ধে জাল সার্টিফিকেট ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ১/১১ এর সময়ে মামলা হয় এবং চাকরিচ্যুত হয়। এতে তাকে দোষারোপ করা হয়। অপরদিকে ১৮ জুন অভিযুক্ত আসামি নজরুলের ভায়রা নাসিমের (৫৩) বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি ধর্ষণ মামলা হয়। এতেও তাকে দোষারোপ করা হয়। এর জের ধরেই তার উপর হামলার ঘটনা ঘটেছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
