ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে বরিশালে গণমিছিল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে বরিশাল সিটি করপোরেশনের মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল করা হয়েছে।

আজ শনিবার (১৯ এপ্রিল) সকালে ছাত্র ও যুব জনতার উদ্যোগে নগরীতে গণমিছিল বের করা হয়। নগরীর অশ্বিনী কুমার হলের সামনে থেকে মিছিল শুরুর পূর্বে সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য রাখেন যুবনেতা রেজাউল করিম, আমান হোসেন রিয়াদ, ছাত্রনেতা গাজী রিদওয়ান, এফ এম সালাউদ্দিন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহীম ও মেহেদী, বিএম কলেজের শিক্ষার্থী হান্নান উদ্দিন শাকিল ও হাসিবুল হাসান শান্ত, হাবিবুল্লাহ রনি এবং বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র জহিরুল ইসলাম জিহাদ।

সমাবেশে বক্তারা বলেন, ‘২০২৩ সালের সিটি নির্বাচনে ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করিম প্রকৃত বিজয়ী হয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর সহায়তায় এবং প্রশাসনের সরাসরি সহযোগিতায় নির্বাচনকে প্রভাবিত করে তাকে জোরপূর্বক পরাজিত ঘোষণা করা হয়।’

বক্তারা বলেন, ‘নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় না রেখে নৌকা প্রতীকের পক্ষে পক্ষপাতমূলক ভূমিকা পালন করেছে। ভোটের দিন শহরের বিভিন্ন কেন্দ্রে হামলা, ভীতি প্রদর্শন ও জালিয়াতির ঘটনা ঘটে। তাই বরিশালের জনগণ প্রকৃত বিজয়ীকেই মেয়র হিসেবে দেখতে চায়। সেই দাবি থেকেই তারা নির্বাচন বাতিল করে মুফতি ফয়জুল করিমকে বৈধ মেয়র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।’

এর আগে গত ১৭ এপ্রিল বরিশাল সিটি নির্বাচনি ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন মুফতি ফয়জুল করিম। মামলায় তিনি নির্বাচনের ফলাফল বাতিল করে তাঁকে বিজয়ী ঘোষণা করার আবেদন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights