ফরিদপুরে চারটি আসনে ‘হ্যাঁ’ ভোট এগিয়ে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ফরিদপুর জেলার চারটি আসনে বেসরকারি ফলাফলে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সমর্থন বেশি পাওয়া গেছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো প্রাথমিক ফলাফল অনুযায়ী, চারটি আসনেই মোট ভোটারের তুলনায় উল্লেখযোগ্যসংখ্যক ভোট পড়েছে এবং প্রতিটি আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট ‘না’ ভোটের চেয়ে এগিয়ে রয়েছে।
ফরিদপুর-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১০ হাজার ৫৪০ জন। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৮৫ হাজার ৪২৩টি এবং ‘না’ ভোট ১ লাখ ১২ হাজার ৮০৩ টি। মোট বৈধ ভোট ২ লাখ ৯৮ হাজার ২২৬। বাতিল ভোট রয়েছে ২৭ হাজারের বেশি।
ফরিদপুর-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৩২ হাজার ৪১ জন। এখানে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ১ লাখ ২৫ হাজার ৩৪টি এবং ‘না’ ভোট ৬৭ হাজার ৮টি। মোট বৈধ ভোট ১ লাখ ৯২ হাজার ৪২। বাতিল ভোট ২৬ হাজারের বেশি বলে উল্লেখ করা হয়েছে।
ফরিদপুর-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ৩২ হাজার ৬২১ জন। এ আসনে ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ৭৯ হাজার ৫০ এবং ‘না’ ভোট ৮০ হাজার ৫৩৭। মোট বৈধ ভোট ২ লাখ ৫৯ হাজার ৫৮৭। বাতিল ভোট ২৪ হাজার ৫৭২।
ফরিদপুর-৪ আসনে মোট ভোটার ৪ লাখ ৯৬ হাজার ৭০৬ জন। প্রাপ্ত তথ্যে দেখা যায়, ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৩ হাজার ১০২টি এবং ‘না’ ভোট ১ লাখ ১১ হাজার ৯০টি। মোট বৈধ ভোট ২ লাখ ৫৪ হাজার ১৯২। বাতিল ভোট ২৬ হাজার ৮৫৪।
চারটি আসনের কোথাও ভোটগ্রহণ স্থগিত হয়নি এবং সব কেন্দ্রের ফল ‘কিউমুলেটিভ’ পদ্ধতিতে একত্র করে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এগুলো প্রাথমিক বেসরকারি ফলাফল। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত ফল গেজেট আকারে প্রকাশ করা হবে।
