ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহতদের ৪ জন একই পরিবারের

অনলাইন ডেস্ক
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত পাঁচজনের মধ্যে চারজন এক পরিবারের সদস্য। তারা অ্যাম্বুলেন্স যোগে চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

রবিবার (২৪ মে) সকাল ১০টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দার শংকরপাশা এলাকায় একটি বিআরটিসি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের আলমগীর হোসেন, তার ভাই জাহাঙ্গীর হোসেন, তাদের বাবা হাজী আব্দুল ওয়াহেদ মোল্যা, আলমগীরের স্ত্রী খুশি বেগম, জাহাঙ্গীরের স্ত্রী মাজেদা বেগম এবং অ্যাম্বুলেন্স চালক কাউছার হোসেন।

পুলিশ ও স্বজনদের তথ্য অনুযায়ী, পরিবারের একজন অসুস্থ সদস্যকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। এ সময় মাদারীপুর থেকে ছেড়ে আসা অ্যাম্বুলেন্সটি শংকরপাশা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী বিআরটিসি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স চালকসহ পাঁচজনের মৃত্যু হয়।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights