ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, উদ্ধার করতে গিয়ে আহত ৩

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সদরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিলন মাতুব্বর (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে আরও তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরের পর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্ব শৌলডুবী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিলন মাতুব্বর ওই গ্রামের আব্দুর রব মাতুব্বরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিলন মাতুব্বরের বাড়ির পাশের একটি বিদ্যুতের খুঁটি থেকে প্রধান লাইনের তার ছিঁড়ে গোয়ালঘরের ওপর পড়ে। এতে তিনটি বসতঘরসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ ছড়িয়ে পড়ে।

এ সময় গোসল শেষে উঠানে টানানো জিআই তারে ভেজা কাপড় শুকাতে দিতে গেলে মিলন মাতুব্বর বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গেলে মিঠু মাতুব্বর (৩০), হেনা বেগম (২৪) ও ওবায়দুর শেখ (৩০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।

স্থানীয়রা বিষয়টি কাটাখালী বিদ্যুৎ অফিসে জানালে দ্রুত ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে চারজনকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিলন মাতুব্বরকে মৃত ঘোষণা করেন।

আহত তিনজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. রনি খালাশী ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

সদরপুর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights