ফরিদপুরে মাদক ব্যবসার অভিযোগে দম্পতির বাড়িতে অগ্নিসংযোগ
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ভাঙ্গায় মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতির বাড়ির দুটি ভবন ভেঙে দিয়েছে এলাকাবাসী। এ সময় ভবনের বিভিন্ন আসবাবপত্র ভেঙ্গে তছনছ করে দেয় বিক্ষুব্ধ জনতা।
আজ শুক্রবার সকাল ৮ টার দিকে ভাঙ্গা পৌরসভার চন্ডীদাসদি মহল্লায়। এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, কয়েকশত উত্তেজিত মানুষ গ্রামের দুটি ভবন (এর মধ্যে একটি নির্মাণাধীন ভবন রয়েছে) ভেঙে গুড়িয়ে দিচ্ছে। এ ভবন দুটির মালিক ভাঙ্গা পৌরসভার চন্ডীদাসদি মহল্লার আইয়ুব শেখ (৫১)।
এলাকাবাসীর অভিযোগ, চডীদাসদি মহল্লার আইয়ুব শেখ ও তার স্ত্রী ময়না আক্তার (৪৫) দম্পতি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। একসময় এরা গাঁজার ব্যবসার সাথে জড়িত ছিল। এখন গাঁজার পাশাপাশি ইয়াবা ব্যবসা পরিচালনা করছে। এ দম্পতি অত্র অঞ্চলের বড় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। অসংখ্যবার এরা আইনশৃঙ্খলা বাহিনীর হতে গ্রেফতার হয়েছে। জেল খেটেছে। জামিনে এসে পুনরায় একই ব্যবসা চালিয়ে গিয়েছে। এদের কারণে এলাকায় মাদকাসক্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
ভাঙ্গা পৌরসভার চন্ডীদাসদি মহল্লার পশ্চিমপাশেই ভাঙ্গার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রাম। এ গ্রামের বাসিন্দা ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলমও বিক্ষুব্ধ এলাকাবাসীর সাথে ছিলেন।
তিনি বলেন, আইয়ুব শেখ ও তার স্ত্রী ময়না ভাঙ্গা, নগরকান্দাসহ দুই- তিন উপজেলার মধ্যে সবচেয়ে বড় গাঁজা ও ইয়াবা কারবারি। এদের কারণে এলাকা ধ্বংস হয়ে যাচ্ছে। ময়না বেগম মাদক সম্রাজ্ঞী ও তার স্বামী আইয়ুব শেখ মাদকের ডিলার হিসেবে পরিচিত। এলাকাবাসীকে রক্ষা করতে এ দম্পতির ঘরবাড়ি উচ্ছেদ করা ছাড়া উপায় নেই।
সোনাখোলা গ্রামের বাসিন্দা ও ভাঙ্গা সিনিয়র সহকারী জজ আদালতের আইনজীবী মো. মাসুদ হোসেনও বাড়িঘর ভাঙচুরের সময় উপস্থিত ছিলেন। তিনি বলেন, এ দম্পতি এলাকার বড় মাদক ব্যবসায়ী।এরা মাঝেমধ্যে গ্রেফতার হয়। আবার দুই -চারদিন পর জামিন নিয়ে চলে আসে। আমরা এদেরকে ভালো হয়ে যেতে বলেছিলাম। কিন্তু, তারা ভালো হয়নি। তাই এলাকাবাসীর সম্মিলিত সিদ্ধান্তে মাদক ব্যবসায়ী দম্পতির দুটি ভবন গুড়িয়ে দেওয়া হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, চন্ডীদাসদি গ্রামের আইয়ুব শেখ ও তার স্ত্রী ময়না বেগম বড় ধরনের মাদক ব্যবসায়ী।এদেরকে বিভিন্ন সময়ে গ্রেফতার করেছি। চলতি বছরও এদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদক আইনে তিনটি মামলা হয়েছে। এরা তিনবার গ্রেফতার হয়েছে। এদের বাড়িঘর এলাকাবাসী ভেঙে দেওয়ার খবর কিছুক্ষণ আগে শুনেছি। পুলিশ পাঠিয়ে খোঁজ নেওয়া হবে।
