ফরিদপুরে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প
ফরিদপুর প্রতিনিধি
জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ফরিদপুর মহানগর যুবদল। সোমবার বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাব চত্বরে আলোচনা সভার মাধ্যমে দিনব্যাপী কার্যক্রম শুরু হয়।
মহানগর যুবদলের সহ-সভাপতি এম এম ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা দলের ঢাকা উত্তরের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী, কোতয়ালী বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, কোতয়ালী বিএনপির সভাপতি আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ প্রমুখ।
আলোচনা সভা শেষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ডক্টরস অ্যাসোসিয়েশন ফরিদপুর শাখার সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীম। আলোচনা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ ও ভিপি সেলিম।
