ফরিদপুরে শিশু ধর্ষণচেষ্টার ঘটনায় বৃদ্ধের সাজা

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে আট বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার মামলায় জামাল মোল্লা(৬৫) নামে এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জামাল মোল্লা মধুখালী উপজেলার মাবকান্দি পশ্চিমপাড়া এলাকার মৃত মোমিন মোল্লার ছেলে। অপরদিকে ভুক্তভোগী শিশুটি রাজবাড়ী সদর থানার বানিয়াবহু হুগলাডাঙ্গী গ্রামের বাসিন্দা। চলতি বছরের ৩ মে বিকালে শিশুটি বাড়ির পাশে দর্জির বাড়িতে নতুন জামা-কাপড় আনতে যায়। দর্জি বাড়িতে না থাকায় শিশুটি আসামির বাড়ির উঠানে তার নাতনিসহ অন্য শিশুদের সঙ্গে খেলছিল। এ সময় জামাল মোল্লা শিশুটিকে তার বসতঘরের ভেতরে নিয়ে যান। পরে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

একপর্যায়ে শিশুটি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় শিশুটি বাড়ির সিঁড়ির ওপর পড়ে গিয়ে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ করা হয়। মামলার নথিতে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর আসামি কৌশলে বাড়ি থেকে পালিয়ে আত্মগোপনে চলে যায়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম রব্বানী বলেন, মামলায় উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights