ফাঁদ পেতে পাখি শিকার, বাবা-ছেলের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর চারঘাটে ফাঁদ পেতে ছয় শতাধিক বাবুই পাখি ধরে হত্যা করার ঘটনায় দুইজন শিকারীকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকালে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই সাজা দেন। একই সঙ্গে তাদের ১ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

দণ্ড পাওয়া ওই দুই শিকারী হলেন আবু বক্কর সিদ্দিক (৫৫) ও তার ছেলে ফিরোজ হোসেন (৩২)। তাদের বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলার মদনহাট গ্রামে। ফিরোজ বাবাকে সঙ্গে নিয়ে চারঘাটে তার শ্বশুরবাড়িতে এসেছিলেন। মঙ্গলবার গভীর রাতে চারঘাটের কাঁকড়ামারী বিল মেরামতপুর এলাকায় ফাঁদ পেতে ছয় শতাধিক পাখি শিকার করেন তারা। সকালে পাখিগুলো জবাই করে ব্যাগে নেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পাখি শিকারের খবর পান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন জানান, পাখি শিকারী বাবা ও ছেলে আগেও চারঘাটে পাখি ধরেছেন বলে এলাকাবাসী জানিয়েছেন। প্রতিটি পাখি ১০ টাকা করে হোটেলে বিক্রি করেন তারা। পাখি ধরে হত্যা করায় তারা বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে দোষী সাব্যস্ত হয়েছেন। তারা ভ্রাম্যমাণ আদালতের কাছে দোষ স্বীকার করেছেন। তাদের এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড, একই সঙ্গে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানার টাকা সঙ্গে সঙ্গে আদায় করা হয়। সকালেই তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। আর পাখিগুলো স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights