ফাইনালের আগে কোহলিকে যে উপহার দিলেন শচীন

অনলাইন ডেস্ক

চার দিন আগেই এক দিনের ক্রিকেটে শচীন টেন্ডুলকারের সবচেয়ে বেশি শতকের রেকর্ড ভেঙেছেন বিরাট কোহলি। আজ ফাইনালের মাঠে নামার আগে শচীনের কাছ থেকেই বিশেষ পুরস্কার পেয়েছেন কোহলি। ভারতের সাবেক অধিনায়কের হাতে নিজের একটি জার্সি তুলে দিলেন শচীন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের পোস্ট করা ছবিতে দেখা যায়, যে জার্সি পরে শচীন নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছেন, সেটিই ফাইনালের আগে তুলে দিয়েছেন কোহলির হাতে। সেই জার্সিতে রয়েছে শচীনের সই। সঙ্গে কিছু ছবিও। হাসতে হাসতে সেই জার্সি নিয়ে পোজ দেন কোহলি। শচীনের সঙ্গে দাঁড়িয়ে ছবিও তোলেন। দেখে বোঝাই যাচ্ছিল বিশেষ এই পুরস্কার পেয়ে কোহলি কতটা আপ্লুত।

বিরাটের ৫০তম শত রানের পর সমাজমাধ্যমে শচীন লিখেছিলেন, ‘ভারতের সাজঘরে তোমার সঙ্গে যখন প্রথম দেখা হয়েছিল, সতীর্থরা তোমাকে মজা করে বলেছিল আমাকে প্রণাম করতে। তাতে নাকি ক্যারিয়ার ভাল হবে। এটাই নাকি ভারতীয় দলের সাজঘরের নিয়ম। তুমি সেই ইয়ার্কি না বুঝে আমাকে প্রণাম করতে গিয়েছিলে। আমি হাসি থামাতে পারিনি। আজ তুমি আমার মন ছুঁয়ে নিলে। তোমার প্রতিভা এবং খেলার প্রতি আবেগ আমার মন ছুঁয়ে গিয়েছে। সেই বাচ্চা ছেলেটা আজ বিরাট হয়ে গিয়েছে। আমি প্রচণ্ড খুশি।”
পাল্টা বিরাটও বলেছিলেন, ‘গ্যালারিতে শচীন পাজি ছিলেন। সেই মুহূর্তে কেমন অনুভূতি হচ্ছিল, এটা আমার পক্ষে বলে বোঝানো সম্ভব নয়। গ্যালারিতে আমার জীবনসঙ্গী। আমার হিরো। সবাই বসেছিলেন। আর ওয়াংখেড়ের এত ভক্ত। না, আমার পক্ষে বলা সম্ভব নয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights