ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালের মহামঞ্চে পা দিয়েছে ভারত। অপেক্ষা প্রতিপক্ষের। কে হবে রোহিত শর্মাদের প্রতিপক্ষ? কলকাতার ইডেন গার্ডেন্সে আজ (১৬ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।

ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ শিরোপাধারী দল অস্ট্রেলিয়া। রেকর্ড পাঁচ শিরোপায় ওয়ানডে বিশ্বকাপটাকে যেন পৈতৃক সম্পত্তি বানিয়ে ফেলেছে তারা। রানার্স-আপ হয়েছে আরও দুইবার, শেষ চারে খেলেছে আরও একবার। অর্থাৎ ১৩তম বিশ্বকাপে এটি তাদের রেকর্ড অষ্টম সেমিফাইনাল!

অন্যদিকে শিরোপা তো দূরে, এমনকি কখনো ফাইনালেও উঠতে পারেনি দক্ষিণ আফ্রিকা। তবে চারবার সেমিফাইনালে খেলেছে তারা। আসরজুড়ে দুর্দান্ত খেলে শেষ চারে এসে চাপ নিতে না পেরে প্রতিবার হেরে যাওয়ায় তাদের ভাগ্যে জুটেছিল ‘চোকার্স’ তকমা। এর মধ্যে চার সেমিফাইনালে আবার দুইবার অজিদের কাছেই হেরেছিল দক্ষিণ আফ্রিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights