ফাইনালে ভারত এলেই কি বদলাবে পাকিস্তানের সিদ্ধান্ত
অনলাইন ডেস্ক
আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নির্ভর করছিল দেশটির সরকারের সিদ্ধান্তের ওপর। শেষ পর্যন্ত সরকারের কাছ থেকে সবুজ সংকেত পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে আসরে অংশ নিলেও গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নিয়েছে তারা।
গ্রুপ পর্বে এই ম্যাচটি বয়কট করলেও পাকিস্তানের সামনে পরের রাউন্ডে ওঠার সুযোগ থাকবে। সেক্ষেত্রে ম্যাচটির পয়েন্ট ভারত পাবে। পাকিস্তানকে গ্রুপের বাকি সব ম্যাচ জিততে হবে এবং একই সঙ্গে ভারতের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে।
যদি সব হিসাব মিলে পাকিস্তান পরের রাউন্ডে যায় তাহলে ফাইনালের আগে আর ভারতের সঙ্গে দেখা হবে না। তবে প্রশ্ন উঠছে ফাইনালে যদি ভারতের বিপক্ষে খেলতে হয় তখনও কি একই সিদ্ধান্তে অটল থাকবে পাকিস্তান। এই প্রশ্ন তুলেছেন ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলেও।
হার্শা ভোগলে বলেন পাকিস্তান যদি বিশ্বকাপে যায় কিন্তু ভারতের বিপক্ষে না খেলে তাহলে আইসিসি কী প্রতিক্রিয়া দেখাবে সেটি দেখার বিষয়। তিনি বলেন আইনগত অবস্থান বা অগ্রাধিকার কীভাবে কার্যকর হয় তা তিনি জানেন না। তবে প্রশ্ন থেকেই যায় ভারত পাকিস্তান ফাইনাল হলে তখন কী হবে।
ভারত পাকিস্তান ম্যাচ না হলে সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো নিশ্চিতভাবেই আর্থিক ক্ষতির মুখে পড়বে বলে মনে করেন হার্শা। তাঁর ধারণা আইসিসি চাইলে সম্প্রচারকারীদের ক্ষতির পরিমাণ পাকিস্তানের রাজস্ব অংশ থেকে কেটে নিতে পারে।
