ফাইনালে রেফারির দায়িত্বে ভিনচিচ, আর্জেন্টিনার পুরোনো স্মৃতি কি ফিরছে আবার?
অনলাইন ডেস্ক
বিশ্বকাপ ফুটবলের শিরোপা নির্ধারণী ম্যাচের আর বেশি দেরি নেই। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আগামী রবিবার রাত ১টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। মহারণের এই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ৪৬ বছর বয়সী ভিনচিচই থাকছেন ফাইনালের প্রধান রেফারির ভূমিকায়। তার নিয়োগের খবর প্রকাশের পর থেকেই ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারণ, আর্জেন্টিনার সঙ্গে জড়িয়ে আছে তার একটি বিশেষ স্মৃতি।
২০২২ কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলের অপ্রত্যাশিত পরাজয়ের ম্যাচটিতে রেফারির দায়িত্ব পালন করেছিলেন ভিনচিচ। সেই হারের পর বিশ্বকাপ জয়ের পথে এগিয়ে যায় লিওনেল মেসির দল। ফলে ফাইনালের আগে আবারও তার নাম সামনে আসায় আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ফুটবলে দায়িত্ব পালন করছেন ভিনচিচ। ২০১০ সালে ফিফার তালিকাভুক্ত আন্তর্জাতিক রেফারি হওয়ার পর ইউরোপের অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন তিনি। স্পেন ও ইতালির মধ্যকার উয়েফা নেশনস লিগের সেমিফাইনাল এবং রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ডের মধ্যকার উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালও সফলভাবে পরিচালনা করেন এই স্লোভেনিয়ান।
তবে তার ক্যারিয়ারে বিতর্কও কম নেই। ২০২০ সালে বসনিয়া ও হার্জেগোভিনায় একটি কটেজে পরিচালিত পুলিশি অভিযানে তাকে আটক করা হয়েছিল। ওই অভিযানে পতিতাবৃত্তি, মাদক ও অস্ত্র পাচার চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, আগ্নেয়াস্ত্র ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
যদিও শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছেন ভিনচিচ। তার ভাষ্য ছিল, তিনি কেবল একটি মধ্যাহ্নভোজের আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন এবং কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। পরে তদন্তে তার বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণও পাওয়া যায়নি। স্লোভেনিয়া ফুটবল ফেডারেশনও ঘটনাটিকে ‘ভুল সময়ে ভুল জায়গায় উপস্থিত থাকার’ দুর্ভাগ্যজনক ঘটনা হিসেবে ব্যাখ্যা করেছিল।
সব বিতর্ক পেছনে ফেলে ভিনচিচ এখনো বড় বড় ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়ে আসছেন। এবার তার সামনে সবচেয়ে বড় পরীক্ষা বিশ্বকাপের ফাইনাল। আর্জেন্টিনা ও স্পেনের মতো দুই শক্তিশালী দলের লড়াইয়ে তার প্রতিটি সিদ্ধান্তই থাকবে কোটি কোটি ফুটবলপ্রেমীর নজরে।
ফাইনালে ভিনচিচের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন তার স্বদেশি তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ রেফারি হিসেবে থাকবেন জর্ডানের আধহাম মাখাদমেহ। এখন দেখার অপেক্ষা, বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে চাপ সামলে কতটা নিখুঁতভাবে দায়িত্ব পালন করতে পারেন স্লোভেনিয়ার এই আলোচিত রেফারি।
