ফিক্সিংয়ের পাঁচ অভিযোগে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের তারকা ব্যাটার

অনলাইন ডেস্ক

দুর্নীতির অভিযোগে যুক্তরাষ্ট্রের তারকা ব্যাটার অ্যারন জোন্সের বিরুদ্ধে দুর্নীতির পাঁচটি ধারায় অভিযোগ এনেছে আইসিসি ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। অভিযোগের পর তাকে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

আইসিসির এক বিবৃতিতে জানানো হয়েছে, অভিযোগগুলোর বেশির ভাগই ২০২৩-২৪ মৌসুমের বিম১০ টুর্নামেন্টকে কেন্দ্র করে। ওই টুর্নামেন্ট ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের দুর্নীতিবিরোধী বিধির আওতাভুক্ত।

এর বাইরে আন্তর্জাতিক ম্যাচসংক্রান্ত দুটি অভিযোগ আইসিসির দুর্নীতিবিরোধী বিধির অধীনে আনা হয়েছে।

সিডব্লিউআই কোডের ২.১.১ ধারায় অ্যারন জোন্সের বিরুদ্ধে ম্যাচের ফল, অগ্রগতি বা আচরণ প্রভাবিত করার চেষ্টা কিংবা এ–সংক্রান্ত কোনো সমঝোতার অংশ হওয়ার অভিযোগ আনা হয়েছে।

একই সঙ্গে ২.৪.২ ধারায় দুর্নীতিমূলক প্রস্তাব বা যোগাযোগের বিষয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে অবহিত না করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ২.৪.৪ ধারায় সিডব্লিউআইয়ের দুর্নীতিবিরোধী কর্মকর্তার পরিচালিত তদন্তে সহযোগিতা না করার অভিযোগও অন্তর্ভুক্ত করা হয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসি কোডের অধীনে জোন্সের বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে। ২.৪.৪ ধারায় দুর্নীতিবিরোধী ইউনিটকে (এসিইউ) ফিক্সিংয়ের প্রস্তাব সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য না দেওয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি ২.৪.৭ ধারায় তদন্তে বাধা দেওয়া, প্রাসঙ্গিক তথ্য গোপন বা তথ্যের সঙ্গে কারসাজির অভিযোগ আনা হয়েছে।

আইসিসি জানিয়েছে, এটি একটি চলমান ও বিস্তৃত তদন্তের অংশ। এই তদন্তের ধারাবাহিকতায় সংশ্লিষ্ট অন্যদের বিরুদ্ধেও ভবিষ্যতে অভিযোগ আনা হতে পারে।

জোন্সকে তাৎক্ষণিকভাবে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ২৮ জানুয়ারি ২০২৬ থেকে শুরু করে আগামী ১৪ দিনের মধ্যে তাকে অভিযোগগুলোর জবাব দিতে হবে।

এই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আর কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছে আইসিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights