ফিটনেসে সেরা নাহিদ রানা
ক্রীড়া প্রতিবেদক
টি-২০ এশিয়া কাপ খেলার কোনো সম্ভাবনা নেই। তারপরও সবার আগে ঢাকা স্টেডিয়ামে হাজির মুশফিকুর রহিম। সাবেক অধিনায়কের পর একে একে হাজির নাহিদ রানা, তানজিম সাকিব, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানরা। সবাই উপস্থিত হয়েছেন টি-২০ এশিয়া কাপ ও নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচ টি-২০ সিরিজের ফিটনেস অনুশীলনে যোগ দিতে। দুই দিনের বিশ্রাম শেষে লিটন বাহিনী গতকাল ফের অনুশীলন করে। আজ আবার বন্ধ। অবশ্য উপস্থিত ছিলেন না টি-২০ অধিনায়ক লিটন দাস, তাওহীদ হৃদয়। এ ছাড়া ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে থাকায় উপস্থিত ছিলেন না নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, সাইফ হাসান ও আফিফ হোসেন ধ্রুব। ফিটনেস অনুশীলনে গতকাল মানদণ্ড ঠিক করে দেন টাইগার ফিটনেস ট্রেনার। ৫ মিনিট ৪০ সেকেন্ডে ক্রিকেটারদের দৌড়াতে হবে ১৬০০ মিটার। এ ছাড়া ৪০ মিটার শর্ট স্প্রিন্টও টানতে হবে ক্রিকেটারদের। ১৬০০ মিটার দৌড় সবার আগে শেষ করেন ‘স্পিডস্টার’ নাহিদ রানা। তিনি সময় নেন ৫ মিনিট ৩১ সেকেন্ডে। তানজিম সাকিব ৫ মিনিট ৫৩ সেকেন্ড, শাহাদাত দিপু ও মিরাজ দৌড় শেষ করেন ৬ মিনিটে, মুশফিক সময় নেন ৬ মিনিট ১০ সেকেন্ড। অনুশীলনে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে ভীষণ ক্লান্ত মনে হয়েছে। দুজন ইনজুরি থেকে ফিরলেও শতভাগ ফিট হতে পারেননি। দুজনে দৌড় শেষ করেন প্রায় ৮ মিনিট সময় নিয়ে। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত রানিং করে ক্রিকেটাররা স্টেডিয়াম ছাড়েন। এরপর মুশফিক, মিরাজরা মেট্রোরেলে চড়ে মতিঝিল থেকে মিরপুর ১০ নম্বরে আসেন।
