ফিফা বিশ্বকাপকে ঘিরে কানাডা প্রবাসীদের সম্প্রীতি ও সৌহার্দ্যের মিলনমেলা

কানাডা প্রতিনিধি

বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন অব নোভা স্কশিয়া (BDCANS)-এর উদ্যোগে নোভা স্কশিয়ায় প্রথমবারের মতো ডার্টমাউথ ক্রসিং সিনেপ্লেক্সে ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এই ব্যতিক্রমী আয়োজনটি প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন দেশের ফুটবলপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়ে নোভা স্কশিয়ার বহুসাংস্কৃতিক চেতনাকে নতুন উচ্চতায় পৌঁছে দেয়।

বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ উপভোগ করতে রাশিয়া, স্পেন, ব্রাজিল, আর্জেন্টিনা, ক্যামেরুন, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নাইজেরিয়া, তিউনিসিয়া, উজবেকিস্তান, নেদারল্যান্ডসসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ একত্রিত হন। ভিন্ন ভাষা, সংস্কৃতি ও জাতীয়তার দর্শকেরা একই ছাদের নিচে বসে ফুটবলের উৎসব উপভোগ করেন এবং পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও বন্ধুত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

অনুষ্ঠানের সকল টিকিট আগেই বিক্রি হয়ে যায় এবং সিনেপ্লেক্সের প্রতিটি আসন পূর্ণ ছিল। পুরো আয়োজন ছিল অত্যন্ত সুশৃঙ্খল, প্রাণবন্ত এবং উৎসবমুখর। দর্শকদের উচ্ছ্বাস ও ইতিবাচক অংশগ্রহণ অনুষ্ঠানটিকে স্মরণীয় করে তোলে।

আয়োজকরা জানান, কেবল প্রতিযোগিতা নয়; এটি বিভিন্ন সংস্কৃতি, জাতি ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সম্মান ও বন্ধুত্ব গড়ে তোলার এক শক্তিশালী মাধ্যম। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল ফুটবলের মাধ্যমে নোভা স্কশিয়ায় বাংলাদেশি সহ বহুসাংস্কৃতিক সমাজকে আরও কাছাকাছি নিয়ে আসা।
তাঁরা জানান, এ ধরনের আন্তর্জাতিক ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন ভবিষ্যতেও নোভা স্কশিয়ার বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি, অন্তর্ভুক্তি এবং সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights