ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে মেসির আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক

জয়রথে থাকা আর্জেন্টিনা ধরে রেখেছে শীর্ষস্থান। মৌসুমের শেষ পর্যায়ে এশিয়া সফরে দুটি জয় পাওয়া বিশ্ব চ‍্যাম্পিয়নরাই আছে ফিফা র‍্যাঙ্কিংয়ের চূড়ায়। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ফিফা বৃহস্পতিবার নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে।

র‍্যাঙ্কিংয়ের পরের দুটি অবস্থানেও নেই কোনো পরিবর্তন। যথারীতি আর্জেন্টিনার পেছনে আছে গত আসরের রানার্সআপ ফ্রান্স। সবশেষ আন্তর্জাতিক বিরতিতে ফলাফল খুব ভালো না হলেও তিনেই আছে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা চলতি মাসে এশিয়া সফরে প্রীতি ম্যাচ খেলে দুটি। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারায় মেসি-দি মারিয়ারা। পরের ম্যাচে একই ব্যবধানে ইন্দোনেশিয়ার বিপক্ষে জয় পায় আর্জেন্টিনা।
জুনে হওয়া ইউরো ২০২৪-এর বাছাইয়ের দুই ম্যাচের দুটিতেই জেতে ফ্রান্স। বর্ণবাদ বিরোধী অভিযানে ভিনিসিউসের সমর্থনে গিনি ও সেনেগালের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল। গিনির বিপক্ষে প্রথম ম্যাচে ৪-১ গোলে জয় পেলেও সেনেগালের কাছে ৪-২ গোলে হেরে যায় ব্রাজিল। এক ধাপ এগিয়ে চার নম্বরে উঠেছে ইংল্যান্ড। আর এক ধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছে বেলজিয়াম।

উয়েফা নেশন্স লিগে রানার্সআপ হওয়া ক্রোয়েশিয়ার উন্নতি হয়েছে এক ধাপ। তারা আছে ষষ্ঠ স্থানে। এক ধাপ নেমে সাতে নেদারল্যান্ডস। র‍্যাঙ্কিংয়ে সেরা দশে আর কোনো পরিবর্তন নেই। চলমান সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে দারুণ খেলে সেমি-ফাইনালে জায়গা করে নিলেও বাংলাদেশ আছে আগের মতোই ১৯২ নম্বর স্থানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights