ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো

অনলাইন ডেস্ক

বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন আয়োজনে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়লেও ফিফা সভাপতি পদে আবারও নির্বাচনে লড়বেন জিয়ান্নি ইনফান্তিনো।

আগামী বছরের মার্চে অনুষ্ঠেয় নির্বাচনে চতুর্থবারের মতো সভাপতি হওয়ার জন্য প্রার্থী হবেন ৫৬ বছর বয়সী এই সুইস।

রবিবার ফিফার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংস্থাটির এক মুখপাত্র বলেছেন, ‘ফিফা সভাপতি এপ্রিলেই ঘোষণা করেছিলেন যে তিনি ২০২৭ সালে নির্বাচনে দাঁড়াবেন। অবশ্যই, কিছুই বদলায়নি। মি. ইনফান্তিনো পুনর্নির্বাচনে দাঁড়াবেন।’

‘তৃতীয় মেয়াদে’ ফিফার সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা গত এপ্রিলেই দেন ইনফান্তিনো। যদিও মাঝের সময়ে পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। উত্তর আমেরিকা বিশ্বকাপে ফিফার কিছু বিতর্কিত সিদ্ধান্তে সরাসরি তার দিকে অভিযোগের আঙুল ওঠে।

এরপর, বিশ্ব ফুটবলের অংশীদারদের সঙ্গে কোনোরকম আলোচনা না করেই, বিশ্বকাপের স্বত্ব বাইরের প্রতিষ্ঠানের কাছে বিক্রির উদ্যোগ নেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েন ইনফান্তিনো। উয়েফা, কনক্যাকাফ ও এএফসির প্রবল বিরোধিতার মুখে সেই প্রস্তাব থেকে সরে এলেও সমালোচনা এড়াতে পারছে না ফিফা ও ইনফান্তিনো।

অমন বিতর্কিত সিদ্ধান্ত নেওয়ায়, ফিফার শীর্ষ পদে তার থাকার যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠছে। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণাও এসেছে। এত বিরোধিতার মাঝে অবশ্য সমর্থনও পেয়েছেন তিনি। আফ্রিকা অঞ্চলের ফুটবল সংস্থা তার পাশে থাকার ঘোষণা দিয়েছে। এছাড়া দেশ হিসেবে আর্জেন্টিনাও তার পক্ষে।

এবার ফিফার বিবৃতিতে ইনফান্তিনোর পুনরায় নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দেওয়া হলো। আগামী বছরের ১৮ মার্চ মরক্কোতে ফিফা কংগ্রেসে সভাপতি পদে ভোট হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights