ফিরলেন কামিন্স-হ্যাজলউড-লায়ন, বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক

আগামী মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ। সেই সিরিজ সামনে রেখে ১৩ সদস্যের শক্তিশালী টেস্ট দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

চোট কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জশ হ্যাজলউড এবং অভিজ্ঞ অফস্পিনার নাথান লায়ন। তাদের প্রত্যাবর্তনে আবারও পূর্ণ শক্তিতে দেখা যাবে অস্ট্রেলিয়ার বিখ্যাত পেস ত্রয়ীকে। কামিন্স ও হ্যাজলউডের সঙ্গে থাকছেন মিচেল স্টার্ক।

অ্যাকিলিসের চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন ৩৫ বছর বয়সী হ্যাজলউড। অন্যদিকে হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ফিরেছেন লায়ন। তাদের অন্তর্ভুক্তির ফলে সর্বশেষ সিরিজে খেলা মাইকেল নেসার ও ব্রেন্ডন ডগেট জায়গা হারিয়েছেন।

ব্যাটিং বিভাগে বড় কোনো পরিবর্তন আনেনি অস্ট্রেলিয়া। নিয়মিত ব্যাটারদের পাশাপাশি ওপেনিংয়ে ট্রাভিস হেডের সঙ্গে থাকবেন অ্যাশেজে অভিষিক্ত জ্যাক ওয়েদারাল্ড। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট ডারউইনে। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২২ আগস্ট ম্যাকাইয়ে।

অস্ট্রেলিয়ার টেস্ট দল : প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, নাথান লায়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, জ্যাক ওয়েদারাল্ড ও বো ওয়েবস্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights