ফিলিপাইনে আবারও শক্তিশালী ভূমিকম্পের আঘাত

অনলাইন ডেস্ক

আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন।

স্থানীয় সোমবার ভোর ৪টার দিকে দেশটিতে আবারও ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৯।

এ নিয়ে টানা তিনদিন শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভোরে ফিলিপাইনের মিন্দানাওতে ৬.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

তবে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, সবশেষ ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮।

ইউএসজিএস জানিয়েছে, মিন্দানাও দ্বীপের হিনাতুয়ান পৌরসভা থেকে প্রায় ৭২ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্পটির উৎপত্তি। গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার (১৮ মাইল)।

মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা বলেছে, ভূমিকম্পের পর দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে সুনামির কোনও আশঙ্কা নেই।

এর আগে রবিবার শক্তিশালী এক ভূমিকম্পে কেঁপে ওঠে ফিলিপাইন। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানায়, রবিবার আঘাত হানা এই কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৪।

জিএফজেড বলছে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়।

এর আগে গত শনিবার স্থানীয় সময় রাত ১০টা ৩৭ মিনিটের দিকে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে রিখটার স্কেলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে কেঁপে ওঠে মিন্দানাও ও এর আশপাশের এলাকাও।

ওই ভূমিকম্পের পর দেশটির উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়। দেশটির সুরিগাও দেল সুর, দাভাও ওরিয়েন্টালের উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। পরবর্তীতে সুনামি সতর্কতা বাতিল করে বাসিন্দাদের বাড়িঘরে ফেরার অনুমতি দেয় দেশটির ভূকম্পবিদ্যা সংস্থা ফিভোলকস। সূত্র: আরব নিউজ, এএফপি, রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights