ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান

অনলাইন ডেস্ক

ফের ফিলিস্তিনের প্রতি দৃঢ় সমর্থনের বার্তা দিল ইরান। দেশটি জানান দিচ্ছে, সামরিক হামলা বা নিষেধাজ্ঞা দিয়ে তাদের অবস্থান দুর্বল করা যাবে না। হামাসের নতুন পলিটব্যুরো প্রধান খলিল আল-হাইয়ার সঙ্গে সাম্প্রতিক ফোনালাপেও সেই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান।

পেজেশকিয়ান বলেন, মধ্যপ্রাচ্যে নানা সংকট চললেও ফিলিস্তিন ইস্যুই মুসলিম বিশ্বের প্রধান অগ্রাধিকার। তিনি ফিলিস্তিনি জনগণের প্রতি ইরানের অব্যাহত সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন।

ফোনালাপে আল-হাইয়াকে নতুন দায়িত্ব পাওয়ায় অভিনন্দন জানান ইরানি রাষ্ট্রপতি। একই সঙ্গে গাজার মানুষের সেবায় তার সফলতা কামনা করেন।

পেজেশকিয়ান বলেন, নিপীড়ন-নির্যাতনের মুখেও ফিলিস্তিনিদের প্রতিরোধ প্রশংসার দাবিদার। তার ভাষায়, ইরানের হৃদয় সব সময় ফিলিস্তিনিদের সঙ্গেই রয়েছে। তাই তাদের প্রতি সম্ভাব্য সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সম্প্রতি ইরান নিজ ভূখণ্ডে মার্কিন ও ইসরায়েলি হামলার মুখে পড়েছে। কিন্তু তাতেও তেহরানের নীতিতে কোনো পরিবর্তন আসেনি। তার দাবি, ফিলিস্তিন ইস্যু এখনও ইরানের পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দু। দেশটির নীতিনির্ধারক ও ইসলামী বিপ্লবের নেতারাও এ অবস্থান থেকে কখনো সরে আসেননি।

ইরানকে ধন্যবাদ হামাসের
অন্যদিকে, হামাস নেতা খলিল আল-হাইয়া বলেন, তেহরানে ইসমাইল হানিয়ার শাহাদাত ইসলামী উম্মাহর ঐক্যের প্রতীক। তিনি যুক্তরাষ্ট্রের সমর্থন থাকা সত্ত্বেও ইসরায়েলকে অঞ্চলের অস্থিতিশীলতা ও নিরাপত্তার প্রধান হুমকি হিসেবে উল্লেখ করেন।

আল-হায়া ইরানের আঞ্চলিক ভূমিকারও প্রশংসা করেন। তিনি বলেন, নানা চাপ ও হুমকি সত্ত্বেও ইরান মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ধরে রেখেছে।

গাজা, অধিকৃত পশ্চিম তীর ও আল-আকসা মসজিদের পরিস্থিতির কথাও তুলে ধরেন হামাস নেতা। অব্যাহত সমর্থনের জন্য তিনি ইরানকে ধন্যবাদ জানান। একই সঙ্গে জানান, হামাস অন্যান্য ফিলিস্তিনি সংগঠনের সঙ্গে সমন্বয় করে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে। তার দাবি, যুদ্ধক্ষেত্রে যে লক্ষ্য ইসরায়েল অর্জন করতে পারেনি, আলোচনার টেবিলেও তা অর্জন করতে দেওয়া হবে না।

উল্লেখ্য, ইরান দীর্ঘদিন ধরে হামাসকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সমর্থন দিয়ে আসছে। তেহরান রাজনৈতিক, কূটনৈতিক ও মানবিক সহায়তার পাশাপাশি হামাসের প্রতি প্রকাশ্য সমর্থনও অব্যাহত রেখেছে। অন্যদিকে, হামাসও ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে ইরানকে অন্যতম প্রধান আঞ্চলিক মিত্র হিসেবে বিবেচনা করে। ফলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংকটে দুই পক্ষের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় দেখা যায়।

সূত্র: তাসনিম নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights