ফুটবল বিশ্বকাপের ফাইনালে এক টিকিটের দামই ২৮ কোটি টাকা
অনলাইন ডেস্ক
বিশ্বকাপকে ঘিরে যেন খরচের এক নতুন দিগন্ত খুলে গেছে। ২০২৬ সালের ফিফা ওয়ার্ড কাপ ২০২৬ ফাইনালের টিকিটের দাম এখন আকাশছোঁয়া, যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে ফুটবল দুনিয়ায়।
ফিফার অফিসিয়াল রিসেল প্ল্যাটফর্মে ফাইনালের চারটি টিকিট বিক্রির জন্য তোলা হয়েছে, যেখানে প্রতিটির দাম ধরা হয়েছে প্রায় ২৩ লাখ ডলার—বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ কোটি টাকারও বেশি। আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের মিটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ফাইনাল।
যদিও ফিফা সরাসরি টিকিটের দাম নির্ধারণ করে না, তবু প্রতিটি লেনদেন থেকে বড় অঙ্কের কমিশন নেয় তারা। ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষ থেকেই ১৫ শতাংশ করে কমিশন নেওয়ার ফলে, এই চারটি টিকিট বিক্রি হলে শুধু কমিশন বাবদই কয়েক মিলিয়ন ডলার আয় করতে পারে সংস্থাটি।
শুধু টিকিটই নয়, বিশ্বকাপ ঘিরে সামগ্রিক ব্যয়ও বেড়ে গেছে কয়েকগুণ। হোটেল ভাড়া, যাতায়াত খরচ, এমনকি ফ্যান জোনে প্রবেশেও দিতে হচ্ছে অতিরিক্ত অর্থ। অনেক শহরে আবাসন খরচ চার গুণ পর্যন্ত বেড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পেপ গার্দিওলা। তার মতে, একসময় বিশ্বকাপ ছিল সবার জন্য আনন্দের উৎসব, কিন্তু এখন তা ক্রমেই সাধারণ সমর্থকদের নাগালের বাইরে চলে যাচ্ছে।
সমালোচনার মুখে পড়ে কিছু উদ্যোগের কথাও জানিয়েছে ফিফা। তারা জানিয়েছে, সীমিতসংখ্যক টিকিট তুলনামূলক কম দামে জাতীয় ফুটবল সংস্থাগুলোর মাধ্যমে বিতরণ করা হবে।
তবে বিশ্লেষকদের মতে, ‘ডায়নামিক প্রাইসিং’ ও পুনর্বিক্রয় ব্যবস্থার কারণে বিশ্বকাপকে ঘিরে এক ধরনের বাণিজ্যিকীকরণ বেড়েছে, যা ফুটবলপ্রেমীদের মধ্যে অসন্তোষ তৈরি করছে। অনেকেই এটিকে ‘লুটতরাজ’-এর সঙ্গে তুলনা করছেন।
