ফুফুর টাকা আত্মসাতে ভাতিজার ‘ছিনতাই নাটক’, গ্রেফতার ৩
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সেলিনা বেগম (৫০) নামের এক নারীর ছিনতাই হওয়া ৬ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ‘ছিনতাই নাটক’ সাজানো ওই নারীর ভাতিজাসহ আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গতকাল সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই চক্রের সদস্যদের গ্রেফতার করে পুলিশ। আজ মঙ্গলবার (১২ মে) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলো— উপজেলার জলিলপুর গ্রামে মৃত খলিলুর রহমানের ছেলে লিটন শেখ (৪০), একই গ্রামের আইয়ুব হোসেন খাঁনের ছেলে আমিনুর রহমান খান (২৪) ও আব্দুর রহিম বিশ্বাসের ছেলে মোস্তফা জামান ওরফে বরকত বিশ্বাস (৪৭)। গ্রেফতারকৃত লিটন শেখ ভুক্তভোগী নারী সেলিনা বেগমের ভাতিজা।
এর আগে সোমবার দুপুরে মহেশপুরের দত্তনগর মোড়ে চলন্ত মোটরসাইকেল থেকে থাবা দিয়ে টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় মহেশপুর থানায় ভুক্তভোগী নারী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের নামে মামলা করেন।
পুলিশ জানায়, সোমবার মহেশপুর উপজেলার পান্তাপাড়া গ্রামের সেলিনা বেগম পার্শ্ববর্তী চুয়াডাঙ্গার জীবননগরের একটি ব্যাংক থেকে ৬ লাখ টাকা তুলে নিজের ভাতিজা লিটন শেখের মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দত্তনগর ফার্ম সংলগ্ন মথুরা বীজ উৎপাদন খামারের সামনে পৌঁছলে চলন্ত মোটরসাইকেলে থাবা দেয় ছিনতাইকারীরা। এসময় ওই নারী মোটরসাইকেল থেকে পড়ে গেলে টাকাভর্তি ব্যাগ নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
এরপর ছিনতাই হওয়া টাকা উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। পরে সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তি ব্যবহার করে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করে তারা। মোটরসাইকেলের সূত্র ধরে আমিনুর রহমান নামে একজনকে আটক করে পুলিশ। তার দেয়া তথ্য অনুযায়ী ছিনতাইয়ের সাথে জড়িত লিটন শেখ ও বরকত বিশ্বাসকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, ‘ভুক্তভোগী সেলিনা বেগমের ভাতিজা লিটন শেখ এই ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী। লিটন শেখ ও শাওন বদ্দি (২৩) নামে আরেক যুবক ছিনতাইয়ের পরিকল্পনা করে। আমরা এরইমধ্যে তিনজনকে গ্রেফতার করেছি। শাওন বদ্দি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।
