ফুয়েল কার্ড নিতে গিয়ে স্ট্রোকে প্রাণ গেল বৃদ্ধের

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে এসে স্ট্রোকে আক্রান্ত হয়ে বখতিয়ার হোসেন (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।

মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলা মাঠে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত আলমডাঙ্গার একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত বখতিয়ার হোসেন উপজেলার ভেদামারি গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই ফুয়েল কার্ড সংগ্রহের জন্য উপজেলা মাঠে মানুষের ভিড় ছিল। ভিড়ের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ ক্লিনিকে নিলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

স্থানীয়রা জানান, সোমবার থেকে ফুয়েল কার্ড বিতরণ শুরু হয়। মঙ্গলবার ছিল শেষ দিন। তাই সকালে তিনি কার্ড সংগ্রহ করতে উপজেলা মাঠে যান।

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আকতার জানান, মৃত ব্যক্তি আগে থেকেই অসুস্থ ছিলেন। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ক্লিনিকে নেওয়া হয়। সেখানে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights