‘ফুলকপি’ প্রতীকে নিবন্ধন পেল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে (বিডিপি) ‘ফুলকপি’ প্রতীকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি।

ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় হাইকোর্ট বিভাগের (রিট ৬৪৩১/২০২৩) গত ১২ ডিসেম্বরের প্রদত্ত রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধান অনুযায়ী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করেছে। দলটির প্রতীক সংরক্ষণ করা হয়েছে ‘ফুলকপি’। নিবন্ধন নম্বর ৫৪।

এ নিয়ে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়াল ৪৯টি।

এর আগে, আওয়ামী লীগ সরকারের পতনের পর এবি পার্টি, নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ (জিওপি), মাহমুদুর রহমানের নাগরিক ঐক্য এবং গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন।

নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালু হয়। এ পর্যন্ত ৫৩টি দল ইসির নিবন্ধন পেলেও পরবর্তীতে শর্ত পূরণ, শর্ত প্রতিপালনে ব্যর্থতা এবং আদালতের নির্দেশে পাঁচটি দলের নিবন্ধন বাতিল করেছে ইসি।

দলগুলো হলো-জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights