ফুলপুরে পণ্য মজুদদারি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুরে তেলসহ অন্যান্য পণ্যের মজুদদারি নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। শনিবার দুপুরে বাসস্ট্যান্ড ও আমুয়াকান্দা বাজার এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের লক্ষ্যে বাজার মনিটরিংয়ে বের হন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এ সময় তেলসহ অন্যান্য পণ্যের মজুদদারি নিয়ন্ত্রণ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বিভিন্ন দোকান ও গুদামে অভিযান পরিচালনা করা হয়। ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ১০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
অভিযানে সবাইকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের আহ্বান জানানো হয় এবং ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি না করার জন্য সতর্ক করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক বলেন, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
