ফুলপুরে ভেজালবিরোধী অভিযান, ৫ মামলায় জরিমানা

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুরে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার বাসস্ট্যান্ড বাজার ও আমুয়াকান্দা বাজারে ওই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক।
অভিযানের সময় ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করা, মজুত রেখে কৃত্রিম সংকট তৈরি করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত না করার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর আওতায় মোট ৫টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া সবাইকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য আহ্বান জানিয়ে ধার্য করা মূল্যের অধিক মূল্য না নেওয়ার জন্য সতর্ক করা হয়। এসময় ফুলপুর থানার এসআই তরিকুল ইসলামসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা বলেন, উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights