ফুলবাড়ি দিবসে কুড়িগ্রামে ছাত্র ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি:
ফুলবাড়ি দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) জেলা শহরে আয়োজিত সভায় ফুলবাড়ি কয়লাখনি বিরোধী আন্দোলনের ইতিহাস, আন্দোলনকারীদের আত্মত্যাগ এবং দেশের পরিবেশ ও কৃষিজমি রক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক প্রারব্ধ নিলয়ের সঞ্চালনায় এবং সভাপতি রিদওয়ান পর্বের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি, কুড়িগ্রাম জেলার সাবেক আহ্বায়ক নূর মোহাম্মদ আনসার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কুড়িগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম রাজু, উদীচী শিল্পীগোষ্ঠী কুড়িগ্রাম জেলা সংসদের সহসভাপতি মাহফুজার রহমান রাজু, বাংলাদেশ কৃষক সমিতি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক প্রদীপ কুমার রায়সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, ফুলবাড়ি কয়লাখনি বিরোধী আন্দোলন শুধু একটি নির্দিষ্ট এলাকার মানুষের আন্দোলন নয়; এটি দেশের কৃষি, পরিবেশ, জীববৈচিত্র্য ও মানুষের জীবন-জীবিকা রক্ষার আন্দোলন। উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হলে কৃষিজমি, বসতভিটা, জলাধার ও পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তাই জনগণের স্বার্থ উপেক্ষা করে কোনো ধরনের কয়লাখনি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলে তা প্রতিহত করার ঘোষণা দেন তারা।
বক্তারা আরও বলেন, ফুলবাড়ীর আন্দোলনে মানুষের জীবন ও রক্তের বিনিময়ে যে দাবি সামনে এসেছিল, তা উপেক্ষা করে আবারও কয়লাখনি স্থাপনের আলোচনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সম্প্রতি ফুলবাড়িতে আবারও কয়লাখনি স্থাপন সংক্রান্ত অর্থমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তারা ওই বক্তব্য প্রত্যাখ্যান করেন।
সভায় বক্তারা সরকারের প্রতি জনগণের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশের উন্নয়ন হতে হবে মানুষের জীবন-জীবিকা, পরিবেশ ও কৃষিকে সুরক্ষিত রেখে। ফুলবাড়ির মতো স্পর্শকাতর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামতকে গুরুত্ব দিতে হবে।
আলোচনা সভায় ফুলবাড়ি আন্দোলনের শহীদদের স্মরণ করা হয় এবং দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষা ও জনস্বার্থবিরোধী যেকোনো উদ্যোগের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights