ফুলবাড়ীতে এনসিপি নেতাকে বহিষ্কার

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব মো. খলিলুর রহমানকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে এনসিপির কুড়িগ্রাম জেলা শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা শাখার দপ্তর সেলের সদস্য আরকানুল আহমেদ বাঁধনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় আদর্শের পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং সাংগঠনিক শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে খলিলুর রহমানের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই দিন থেকে সিদ্ধান্তটি কার্যকর হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এনসিপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মী যেন বহিষ্কৃত নেতার সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখেন।
এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাভলু বলেন, খলিলুর রহমানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের একাধিক অভিযোগ পাওয়া যায়। বিষয়টি জেলা নেতাদের জানানো হলে অভিযোগগুলো যাচাই-বাছাই করা হয়। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় জেলা শাখা তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights