ফুলবাড়ীতে ছাত্রলীগ-বিএনপি সংঘর্ষে মামলা, যুবদল নেতা আটক

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শনিবার বিকেলে ছাত্রলীগ-বিএনপির সংঘর্ষের ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে রাতেই ফুলবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জনাব আলী বাদী হয়ে উপজেলা বিএনপির ৪০ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০-৬০ জনের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেন। এরপর রাতেই পুলিশ অভিযান চালিয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন টুকুকে (৪০) আটক করে। গ্রেফতারকৃত টুকু উপজেলার পানি মাছকুটি ফুলসাগর এলাকার মৃত এহসান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদ করতে শনিবার বিকেলে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী উপজেলা সদরের তিনকোনা মোড়ে বিএনপির নেতাকর্মীদের সাথে ছাত্রলীগের নেতাকর্মীদের মারাত্মক সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এরপর এ ঘটনায় শনিবার রাতেই ফুলবাড়ী থানায় মামলা দায়ের হলে পুলিশ একজনকে গ্রেফতার করে।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জনাব আলী বাদী হয়ে রাতেই মামলা করেন। আমরা তাদের একজনকে গ্রেফতার করতে সক্ষম হই এবং বাকি আসামিদেরও দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights