ফুলবাড়ীতে ধরলা ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
কুড়িগ্রাম প্রতিনিধি: ২২-০৮-২৫
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীর তীব্র ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ চরগোরকমন্ডল এলাকায় ধরলা নদীর তীরে। স্থানীয়দের আয়োজনে মানববন্ধনে ভাঙনের শিকার অর্ধশতাধিক পরিবারসহ শতশত নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন আব্দুস ছালাম, জাফর আহমেদ, শাকিল আহমেদসহ অনেকে। বক্তারা ধরলার ভয়াবহ ভাঙন রোধে দ্রুত টেকসই বাঁধ নির্মাণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
স্থানীয়দের অভিযোগ, গত দেড় মাসে অন্তত ৫০টিরও বেশি পরিবার নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিদিনই ফসলি জমি ও বসতভিটা নদীগর্ভে বিলীন হচ্ছে। চোখের সামনে শতশত আবাদি জমি গিলে খাচ্ছে আগ্রাসী ধরলা নদী।
এ প্রসঙ্গে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, “চরগোরকমন্ডল এলাকায় ভাঙন রোধে ৬ হাজার জিও ব্যাগ (একটি প্যাকেজ) বরাদ্দ দেওয়া হয়েছে, যা ফেলানোর কাজ শেষের পথে। আরও একটি প্যাকেজ বরাদ্দের আশ্বাসও দেওয়া হয়েছে।”
