ফুলবাড়ীতে বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত
পলাশ ইসলাম, কুড়িগ্রাম:
ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে বিএনপির উদ্যোগে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেল চারটায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে এ কর্মসূচি পালন করে ফুলবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।
এর আগে বেলা তিনটা থেকে উপজেলার ব্র্যাক মোড়ে সমাবেত হতে থাকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা। পরে বিকেল চারটায় একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে তিনকোনা মোড়ে এসে অবস্থান নেয়।
এসময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশার সঞ্চালনা ও সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল ও ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক প্রমুখ।
