ফেনীতে দোকান থেকে চুরি হওয়া ১১ ভরি উদ্ধার, গ্রেফতার ৬

ফেনী প্রতিনিধি

ফেনীর ফাজিলপুর বাজারের আলাদিন জুয়েলার্স থেকে চুরি হওয়া ৭৫ ভরি স্বর্ণ অলংকারের মধ্যে ১১ ভরি ৪ আনা স্বর্ণ ও নগদ ১ লাখ ৮ হাজার পাঁচশ’ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেফতার করা হয়।

আজ রবিবার বেলা বারোটার দিকে পুলিশ সুপার জাকির হাসান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এমন তথ্য দেন।

গ্রেফতারকৃতরা হল কুমিল্লার মুরাদনগর থানার মুকসাইর গ্রামের মৃত আলী হোসেনের ছেলে মো. আলাউদ্দিন(৩০), চট্টগ্রাম আনোয়ারা থানার পীরখাইন গ্রামের মৃত নাসিরের ছেলে মো. ফরহাদ(৩৯), চট্টগ্রাম বাকলিয়া থানার কালামিয়া বাজার গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. বাদশা চৌধুরী (২৩), কুমিল্লার হোমনা থানার কামাল্লা কিপারামপুর গ্রামের মৃত জাহাঙ্গীর শিকদার প্রকাশ মজিবুর রহমানের ছেলে মো. সজিব প্রকাশ সুমন প্রকাশ শুক্কুর(২৬), একই জেলার মুরাদনগর থানার মোল্লাপাড়া গ্রামের মৃত মো. মজলুের ছেলে মো. মিজান (২৮) ও একই জেলার দেবিদ্বার থানার পান্নারপুল গ্রামের মৃত আবুল হাসান এর ছেলে মো. শফিক প্রকাশ সোহেল প্রকাশ দাঁতলা শফিক(৩২)।
পুলিশ সুপার জানান ,গত ১১ জানুয়ারি ফেনীর ফাজিলপুর বাজারের আলাদিন জুয়েলার্সের মালিক আলাউদ্দিন দুপুরে খাওয়ার উদ্দেশ্য দোকান বন্ধ করে বাড়িতে যান। পরে বেলা তিনটার দিকে দোকানে ফিরে দেখতে পান তার দোকানের একটি শাটার খোলা। দোকানে প্রবেশ করে দেখতে পান তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৭৫ ভরি স্বর্ণ অলংকার ও ক্যাশ ভেঙে ৩০ হাজার টাকা নেই। পরবর্তীতে তিনি পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে উপরোক্ত ছয় আসামিকে গ্রেফতার করে।

পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সর্বনিম্ন তিনটি থেকে সর্বোচ্চ ১৩ টি মামলা রয়েছে। উক্ত ঘটনায় মোট ১২ জন স্বর্ণচোর সদস্য জড়িত ছিল। বাকি আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

ফেনী মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights