ফেনীতে লাইসেন্স না থাকায় দুই হাসপাতাল বন্ধের নির্দেশ
ফেনী প্রতিনিধি
ফেনীর দুটি হাসপাতালকে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতাল দুটি হলো ফেনী শহরের মুক্তবাজারে অবস্থিত বায়েজিদ সাইকিয়াট্রি হাসপাতাল এবং ছাগলনাইয়া উপজেলার ডাকবাংলোয় অবস্থিত ছাগলনাইয়া চক্ষু হাসপাতাল।
জানা যায়, হাসপাতালের নিবন্ধন ও লাইসেন্স না থাকায় স্বাস্থ্য অধিদপ্তর এ নির্দেশ দিয়েছে। ফেনীর সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন বলেন, আমরা অধিদপ্তরের নির্দেশনা পেয়েছি। শিগগিরই হাসপাতালগুলো বন্ধে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হবে।
এর আগে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয়, নিবন্ধন ও লাইসেন্স না থাকায় ১০ কর্মদিবসের মধ্যে হাসপাতালগুলোর কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হলো।
উল্লেখ্য; ফেনীতে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান আছে ১১২টি। এর মধ্যে হাসপাতাল ৫০টি ও ডায়াগনস্টিক সেন্টার ৬২টি। এদিকে লাইসেন্স ছাড়াই কার্যক্রম চালাচ্ছে ১০টি প্রতিষ্ঠান। ২৪টির প্রতিষ্ঠান গত ৬-৭ বছরে তাদের লাইসেন্স নবায়ন করেনি।
