ফেভারিট চকরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন মহেশখালী

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের নতুন চ্যাম্পিয়ন হয়েছে মহেশখালী উপজেলা ফুটবল দল।

শনিবার বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ফাইনালে টাইব্রেকারে ৪-২ গোলে গেল তিন বারের চ্যাম্পিয়ন ফেভারিট চকরিয়া উপজেলা ফুটবল দলকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় মহেশখালী।

ছয় বিদেশি রিক্রুট সমৃদ্ধ দু’দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা গোল শূন্য ড্র ছিল। ভাগ্য নির্ধারণী টাইব্রেকারে মহেশখালীর সাকের উল্লাহ, বেনজেমা, কামারা, মনির, প্রত্যেকের শট চকরিয়ার নেট স্পর্শ করে। অপরপক্ষে চকরিয়ার শামসি, আরিফের শট মহেশখালীর নেট খুঁজে পেলেও জাতীয় তারকা সুশান্ত ও আবছারের শট গোলবারে লেগে ফিরে আসে।
এদিকে, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত শনিবারের ফাইনাল ম্যাচটি দেখতে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে হাজার বিশেক দর্শক উপস্থিত হয়। যা কিনা কক্সবাজারের ইতিহাসে সর্বোচ্চ। দর্শকে উপচে পড়া দু’সেয়ানের শিরোপা নির্ধারণী ম্যাচটিতে দু’দলের স্ট্রাইকাররা অন্তত তিনটি করে গোল মিস করে।

ম্যাচ শেষে কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, স্পন্সর প্রতিনিধি বসুন্ধরা গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. আবু হেনা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন।

এতে স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ ও সদস্য সচিব হারুন অর রশিদ।

টুর্নামেন্টের সেরা গোলদাতা চকরিয়ার আবছার, সেরা গোলরক্ষক মহেশখালীর সাঈদী ও ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের মিডফিল্ডার সাকের উল্লাহ। পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ব্যক্তিগত মেডেল ও ট্রফি তুলে দেন।

পুরো আয়োজনে প্রধান পৃষ্ঠপোষকতায় ছিল দেশের শীর্ষ স্থানীয় শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। অতিথিরা বসুন্ধরা গ্রুপকে সাধুবাদ জানিয়ে বলেছেন, আগামীতে কক্সবাজারের খেলাধুলাকে এগিয়ে নিতে বসুন্ধরা গ্রুপের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights