ফের অস্থির মুরগির বাজার

নিজস্ব প্রতিবেদক

সরবরাহ কম ও চাহিদা বাড়ার অজুহাতে বাজারে ফের বাড়তে শুরু করেছে মুরগির দাম। এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে আলু, পিঁয়াজসহ অন্যান্য সবজির দাম কমেছে। গতকাল রাজধানীর খিলক্ষেত, জোয়ারসাহারা ও মহাখালী কাঁচা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি ২০০ থেকে ২২০ টাকা এবং সোনালি মুরগি প্রতি কেজি ৩২০ থেকে ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি দেশি মুরগি ৫৫০-৬০০ টাকা, সাদা লেয়ার ২৪০ টাকা ও লাল লেয়ার বিক্রি হচ্ছে ২৮০-৩০০ টাকায়। আর জাতভেদে প্রতি পিস হাঁস বিক্রি হচ্ছে ৫৫০-৬৫০ টাকায়।

খিলক্ষেত বাজারের মুরগি বিক্রেতা শরিফুল ইসলাম বলেন, কারওয়ান বাজার ঘুরে কোনো মুরগি পাইনি। পরে কাপ্তান বাজারে গিয়ে চাহিদার তিন ভাগের এক ভাগ পেয়েছি। প্রতিদিন ৩০০ থেকে ৩৫০ কেজি ব্রয়লার মুরগি বিক্রি করি। গতকাল কিনেছি ১০০ কেজির মতো। অনেক দোকানদার মাল না পেয়ে ফিরে গেছেন। এক দিনের ব্যবধানে দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা।

সরবরাহ বাড়ায় গত সপ্তাহের তুলনায় আলু ও পিঁয়াজের দাম কেজিতে ২০ টাকা কমেছে। বাজারে নতুন আলু বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৮০ টাকা কেজি দরে। পুরনো আলু ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশি পিঁয়াজ কেজিতে ২০ টাকা কমে ১১০ টাকা, মুড়িকাটা পিঁয়াজ ৭০ টাকা, পাতা পিঁয়াজ ৬০ টাকা, ইন্ডিয়ান পিঁয়াজ ৯০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। বাজারে শিম কেজিতে ২০ টাকা কমে ৫০ থেকে ৬০, ফুলকপি প্রতিটি ৩০ থেকে ৪০, বাঁধাকপি ৪০, লাউ ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। পাকা টম্যাটো কেজিতে ২০ টাকা কমে ১০০, গাজর ৭০ থেকে ৮০, মুলা ৩০, খিরা ৬০ ও শসা ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। কচুরমুখি ৭০, বেগুন ৬০ থেকে ৮০, করলা ৭০ থেকে ৮০, পটোল ৭০ থেকে ৮০, ঢ্যাঁড়শ ৬০ থেকে ৭০, বরবটি ৮০ থেকে ১০০, পেঁপে ৩০ থেকে ৪০, ধুন্দল ৭০, চিচিঙ্গা ৭০, কচুর লতি ৮০ থেকে ১০০, ঝিঙ্গা এবং কাঁচা মরিচ ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লেবুর হালি ২০ থেকে ৪০ টাকা, কাঁচকলার হালি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। ডিমের দাম ডজনপ্রতি ৫ টাকা কমে প্রতি ডজন লাল ডিম ১৪০ টাকা ও সাদা ডিম বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। আর প্রতি ডজন হাঁসের ডিম ২৩৫-২৪০ টাকা ও দেশি মুরগির ডিম ২২০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে বাজারে অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম। বর্তমানে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০-৮০০ টাকায়। এ ছাড়া প্রতি কেজি খাসির মাংস ১ হাজার ৫০ থেকে ১ হাজার ১০০ টাকা ও ছাগলের মাংস বিক্রি হচ্ছে ১ হাজার টাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights