ফের চালু হচ্ছে শামীম ওসমানের ‘টর্চার সেল’খ্যাত রাইফেল ক্লাব

নারায়ণগঞ্জ প্রতিনিধি

জুলাই আন্দোলনের সময় অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হওয়ার প্রায় দুই বছর পর নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকার রাইফেল ক্লাবটি আবার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পদাধিকারবলে ক্লাবটির সভাপতি জেলা প্রশাসক মো. রায়হান কবিরের অনুমতি এবং জ্যেষ্ঠ সদস্যদের উদ্যোগে ক্লাবটির কার্যক্রম পুনরায় শুরু করার প্রস্তুতি চলছে।

নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের জ্যেষ্ঠ সদস্য ও সাবেক শুটার এম এ সাত্তার ভুট্টু বলেন, শুটিং ফেডারেশনের শর্ত অনুযায়ী রাইফেল ক্লাব সচল না থাকলে সদস্যপদ বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হলে তিনি ক্লাবটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে সীমিত পরিসরে কার্যক্রম শুরু করার অনুমতি দেন। তিনি বলেন, ‘রাইফেল ক্লাব একটি ক্রীড়া প্রতিষ্ঠান, কোনো রাজনৈতিক সংগঠন নয়। আমরা আগের চেয়ে আরও সুশৃঙ্খলভাবে ক্লাব পরিচালনার আশা করছি।’

স্থানীয় বিভিন্ন সূত্রের দাবি, অতীতে সরকারি স্থাপনা হলেও রাইফেল ক্লাবটি দীর্ঘদিন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের অঘোষিত কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো। তার রাজনৈতিক কর্মকাণ্ড এবং বিভিন্ন বিতর্কিত ঘটনার সঙ্গে ক্লাবটির নাম বারবার আলোচনায় আসে। তবে এসব অভিযোগ নিয়ে শামীম ওসমানের পক্ষ থেকে ভিন্ন বক্তব্যও বিভিন্ন সময়ে দেওয়া হয়েছে। জুলাই আন্দোলনের সময়ও ক্লাবটি আলোচনায় আসে। অভিযোগ রয়েছে, ১৯ জুলাই আন্দোলন দমনে শামীম ওসমান ও তার অনুসারীরা এখান থেকে অস্ত্র নিয়ে বের হন। এ-সংক্রান্ত বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে ২০২৪ সালের ৪ আগস্ট বিক্ষুব্ধ আন্দোলনকারীরা রাইফেল ক্লাবে হামলা ও অগ্নিসংযোগ করেন। এরপর থেকে ক্লাবটি পরিত্যক্ত অবস্থায় ছিল। রাইফেল ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ‘শুটিং ফেডারেশনের অনুমোদন বজায় রাখতে ক্লাবটির কার্যক্রম চালু রাখা বাধ্যতামূলক। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের রাস্তা প্রশস্তকরণ প্রকল্পের জন্য প্রয়োজনীয় জায়গা রেখে অবশিষ্ট অংশে ক্লাবের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights