ফের ঢাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, আহত ১

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপাচার্যের বাসভবনের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৯ টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্বৃত্তরা একটি মোটরসাইকেলে করে এসে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে সেখান থেকে চলে যায়। ঘটনাস্থলে ব্যাপক ধোঁয়ার সৃষ্টি হয়। হঠাৎ বিস্ফোরণে ঘটনাস্থলে ভীতি ছড়িয়ে পড়ে। এ সময় আহত হন বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও মাস্টার দা সূর্যসেন হল ছাত্রলীগের সাবেক উপ-আপ্যায়ন সম্পাদক মঈনুল ইসলাম। তার পায়ে ক্ষত তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়ে হলে ফিরেছেন তিনি।

এদিকে ঘটনার পর ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা ছাত্রদলের বিরুদ্ধে স্লোগান দেয়।
ঢাবি প্রক্টর অধ্যাপক এম মাকসুদুর রহমান বলেন, ঘটনা শুনে আমরা পুলিশকে খবর দিয়েছি।

এর আগে গত ১৬ নভেম্বর রাত সোয়া ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় সন্দেহভাজন দুইজনকে পুলিশে সোপর্দ করেছিল ছাত্রলীগ। তবে ঘটনার সাথে সংশ্লিষ্টতা না থাকায় পুলিশ তাদের ছেড়ে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights