ফেলে যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি বিএসএফকে ফেরত দিল বিজিবি
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ফেলে যাওয়া দুইটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল মঙ্গলবার রাতে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মধ্য দিয়ে অস্ত্র ও ওয়াকিটকি ফেরত দেওয়া হয়। ১৫ বিজিবি ব্যাটালিয়নের সিও লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি আমঝোল সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এর আগে মঙ্গলবার বিকালে হাতিবান্ধা উপজেলার আমঝোল সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় ক্ষেতে কাজ করছিলেন কয়েকজন কৃষক। এ সময় বিএসএফ বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে কৃষকদের মারধর করে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পরে বিএসএফ সদস্যরা দুইটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যায়।
বনচৌকী ক্যাম্পের বিজিবি সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিএসএফের ফেলে যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। পরে পতাকা বৈঠকে বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করলে অস্ত্রসহ ওয়াকিটকি ফেরত দেয় বিজিবি।
