ফ্যাসিবাদের দোসররা এখনো অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে : শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ফ্যাসিবাদের দোসররা সাধারণ মানুষের ক্ষতি করতে এখনো অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তারা বিএনপির নেতাদের সঙ্গে খাতির করে আবার কুমার নদের বালু উত্তোলনের মতো অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার পাঁয়তারা করছে।

শনিবার দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার গট্রি ইউনিয়নের বড়খারদিয়া বাজারে কুমার নদ রক্ষায় আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরিদপুরের ওপর দিয়ে বয়ে যাওয়া কুমার নদ থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে স্থানীয় জনসাধারণের এ সমাবেশের আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান বালী।

কর্মসূচিতে শামা ওবায়েদ বলেন, গত ১৫ বছর সারাদেশে উন্নয়নের নামে দুর্নীতি হয়েছে। মেগা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি, হাজার হাজার কোটি টাকা পাচার, ব্যাংক লুট হয়েছে। সাধারণ শ্রমিক, ছোট চাকরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ীদের পকেট খালি করে বাড়ি-গাড়ি শূন্য করে শেখ হাসিনা ও তার দোসররা লুটপাট করেছে। আর আমরা হামলা-মামলা, নির্যাতন সহ্য করেছি ১৫ বছর।

সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নগরকান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সহকারী অ্যাটর্নি জেনারেল জুয়েল মুন্সি সুমন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, জাহিদুর রহমান জাহিদ মাস্টার প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights