ফ্যাসিবাদের দোসর-সমর্থক কেউ সরকারে থাকতে পারবেন না, বলছেন সমন্বয়কেরা

অনলাইন ডেস্ক

ছাত্র-জনতা মিলে অভ্যুত্থানের সূচনা হয়েছিল উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, এই ছাত্র-জনতা, নাগরিক সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের একটি রূপরেখা জাতির সামনে উপস্থান করা হবে। সেখানে ফ্যাসিবাদীদের দোসর-সমর্থক কেউ এই জাতীয় সরকারে থাকতে পারবেন না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার আন্দোলনের মুখে সোমবার আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এরপর সন্ধ্যায় প্রথম একটি বেসরকারি টেলিভিশনে কথা বলেছেন নাহিদ ইসলামসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ জন সমন্বয়ক।

সমন্বয়কেরা বাংলাদেশের সামগ্রিক ব্যবস্থার পরিবর্তন চান উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে যাতে আর কখনো ফ্যাসিবাদ ও স্বৈরতান্ত্র না হয়, সেই ব্যবস্থা তারা প্রতিষ্ঠা করতে চান।
সেখানে আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ এক প্রশ্নের জবাবে বলেন, আন্দোলনের ধারাবাহিকতায় যেদিন এক দফার ঘোষণা দেওয়া হয়, সেদিনই তারা বিজয় সুনিশ্চিত ভেবেছিলেন। যত দিন তাদের সব দাবি পূরণ না হবে, তত দিন তারা রাজপথে থাকবেন।

নিজেদের দাবি সম্পর্কে জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই গত ১৬ বছরে যত রাজনৈতিক নেতা-কর্মীকে কারান্তরিণ করা হয়েছে, তাদের মুক্তি দিতে হবে। এছাড়া সব রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার হতে হবে বলে উল্লেখ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights