ফ্রান্সকে নিয়ে বিশেষ পরিকল্পনা নেই মরক্কোর

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হচ্ছে মরক্কো। ম্যাচটি ঘিরে উত্তেজনা থাকলেও প্রতিপক্ষকে নিয়ে আলাদা কোনো কৌশল সাজাননি মরক্কোর প্রধান কোচ মোহামেদ ওয়াহ্‌বি। তার বিশ্বাস, নিজেদের স্বাভাবিক খেলাই ফ্রান্সকে চাপে ফেলতে পারে।

বাংলাদেশ সময় আজ রাত ২টায় অনুষ্ঠিত হবে ফ্রান্স-মরক্কোর কোয়ার্টার ফাইনাল।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ওয়াহ্‌বি বলেন, ‘ফ্রান্সের বিপক্ষে কোনো চমকপ্রদ পরিকল্পনা নেই। ম্যাচের জন্য প্রস্তুতিতে কোনো চমক থাকবে না। আমার লুকানোর কিছু নেই, আর চমক দেখাতেও আমি পছন্দ করি না। যারা আমাদের খেলা বিশ্লেষণ করেছেন, তারা জানেন আমরা কীভাবে খেলতে চাই।’

তিনি আরও বলেন, বল দখলে রেখে প্রতিপক্ষের রক্ষণ ভাঙাই তাদের মূল লক্ষ্য। তবে শুধু উইং নয়, মাঝমাঠ কিংবা দুই প্রান্ত—যে পথ কার্যকর হবে, সেখান দিয়েই আক্রমণ গড়ে তোলা হবে।

তিনি বলেন, ‘আমরা যেকোনো দলকে সমস্যায় ফেলতে পারি, সেটি ইতোমধ্যেই প্রমাণ করেছি। তবে কৌশলগত বিষয়ে এর বেশি কিছু বলতে চাই না।’

গত বিশ্বকাপে ইতিহাস গড়ে প্রথম আফ্রিকান ও প্রথম আরব দেশ হিসেবে সেমিফাইনালে উঠেছিল মরক্কো। এবার টানা দ্বিতীয়বার শেষ চারে জায়গা করে নেওয়ার হাতছানি তাদের সামনে। তবে সেই লক্ষ্য পূরণে বড় বাধা বর্তমান বিশ্বের অন্যতম শক্তিশালী দল ফ্রান্স।

প্রতিযোগিতামূলক ফুটবলে এখন পর্যন্ত ফ্রান্সের বিপক্ষে ছয়বার মুখোমুখি হয়েছে মরক্কো। এর মধ্যে চারটিতে জিতেছে ফ্রান্স, একটি ম্যাচ ড্র হয়েছে এবং মরক্কোর একমাত্র জয়টি এসেছে ২৮ বছর আগে টাইব্রেকারে।

২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালেও ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল মরক্কোকে। তবে সেই স্মৃতি এবার বাড়তি চাপ তৈরি করবে না বলেই মনে করেন ওয়াহ্‌বি।

তিনি বলেন,‘প্রতিটি ম্যাচই আলাদা। এর প্রেক্ষাপট আলাদা, ইতিহাসও আলাদা। তাই এটি ২০২২ সালের ম্যাচের মতো হবে না।’

আত্মবিশ্বাসী মরক্কো কোচের লক্ষ্য, নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights