ফ্রান্সে সুপারশপে সাইবার হামলা, ইরানের দিকে অভিযোগের আঙুল
অনলাইন ডেস্ক
ফ্রান্সের সুপারমার্কেটগুলোতে সাইবার হামলা চালিয়ে রেফ্রিজারেটর ও ফ্রিজিং সিস্টেম বিকল করে দেওয়ার জন্য ইরানকে দায়ী করেছে ফরাসি সরকার। এই হামলায় দূর থেকে তাপমাত্রা বাড়িয়ে দেওয়ায় কোটি কোটি ইউরো মূল্যের খাবার পচে গেছে এবং কিছু যন্ত্রপাতিতে আগুনও ধরেছে।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো জানিয়েছেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এই হামলা চালিয়েছে।
সোমবার এক সংবাদ সম্মেলনে জ্যঁ-নোয়েল বারো বলেন, আক্রমণের মাত্রা ও ভয়াবহতার দিক থেকে এটি নজিরবিহীন। তিনি জানান, এই হামলার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ইউরোপীয় পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপ করবে ফ্রান্স।
গত মাসে ফরাসি সুপারমার্কেট চেইন ইন্টারমার্শের প্রায় ১৫০টি স্টোরে সাইবার হামলা চালানো হয়। স্টোরগুলোর মূল প্রতিষ্ঠান লেস মুস্কেটিয়ার্স জানিয়েছে, হ্যাকাররা স্টোরের রেফ্রিজারেশন ইউনিট নিয়ন্ত্রণকারী ডিজিটাল সিস্টেমকে লক্ষ্যবস্তু করে। কিছু রেফ্রিজারেটর ও ফ্রিজারের তাপমাত্রা রাতভর প্রায় ছয় ঘণ্টা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। এর ফলে প্রচুর তাজা ও হিমায়িত খাবার নষ্ট হয়। স্বাস্থ্যঝুঁকি এড়াতে স্টোরগুলোকে বাধ্য হয়ে বিপুল পরিমাণ পণ্য ফেলে দিতে হয়। ইন্টারমার্শের প্রধান নির্বাহী থিয়েরি কোটিলার্ড জানিয়েছেন, এই নজিরবিহীন হামলায় এক দিনেই কয়েক কোটি ইউরোর ক্ষতি হতে পারে।
গত অক্টোবরের ঘটনার পর গত সপ্তাহেও ইউরোপের সাতটি দেশের সুপারমার্কেটে রেফ্রিজারেশন সিস্টেমে সাইবার হামলা হয়। বেলজিয়াম, লুক্সেমবার্গ, সুইডেন, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, এস্তোনিয়া ও ফিনল্যান্ডের সুপারমার্কেটগুলো এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়। হ্যাকাররা রেফ্রিজারেশন ইউনিটগুলোকে ‘ডিফ্রস্ট’ মোডে নিয়ে যাওয়ায় তাপমাত্রা বেড়ে যায় এবং পচনশীল খাবার ফেলে দিতে হয়।
বেলজিয়াম ও লুক্সেমবার্গের প্রায় ৪০টি দেলহাইজ সুপারমার্কেটসহ অন্যান্য দেশের কিছু স্টোরও এতে ক্ষতিগ্রস্ত হয়। বেলজিয়ান রেফ্রিজারেশন প্রস্তুতকারক প্রতিষ্ঠান সাবকোবেলের প্রধান নির্বাহী স্টেফান মোয়েলানস সোমবার সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত রেফ্রিজারেশন ইউনিটগুলোকে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করতে তাদের কোম্পানি সারা রাত ধরে কাজ করেছে।
