ফ্রি-ট্রেড জোনে মার্কিন বিনিয়োগের আহ্বান চট্টগ্রাম চেম্বারের

বিশেষ প্রতিনিধি,চট্টগ্রাম

চট্টগ্রামের ফ্রি-ট্রেড জোনে মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগের আহবান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক।

বুধবার বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল কাউন্সেলর পল ফ্রস্টের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান তিনি। নগরীর আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ কনফারেন্স হলে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন,যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বাংলাদেশের তৈরিপোশাকের সবচেয়ে বড় রপ্তানি বাজারও যুক্তরাষ্ট্র। তাই দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার উপযুক্ত সময় এখনই। বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরের করিডোর, এক্সপ্রেসওয়ে, এমআরটি, বন্দর উন্নয়ন ও সংশ্লিষ্ট অবকাঠামো খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর সুযোগ রয়েছে। এসব খাতে মার্কিন বিনিয়োগ বাড়লে উভয়দেশের জন্য লাভজনক হবে।

চেম্বার সভাপতি বর্তমান সরকারের চট্টগ্রাম অঞ্চলে ঘোষিত ফ্রি-ট্রেড জোনের সুবিধা উপভোগ করতে কমার্শিয়াল কাউন্সেলরের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- চেম্বারের সাবেক সিনিয়র সহসভাপতি এম এ ছালাম, সাবেক সহসভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর,চেম্বার পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ, সাবেক পরিচালক এস এম আবু তৈয়ব ও রাহবার এ আনোয়ার, ইতালির অনারারী কনসাল মির্জা সালমান ইস্পাহানী, বিএসআরএম গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক আমীর আলীহুসেইন প্রমুখ।

যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল কাউন্সেলর পল ফ্রস্ট বলেন- যুক্তরাষ্ট্র সরকার ব্যবসা ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ সরকার এবং বিডার সাথে কাজ করছে। তিনি যে কোনো বিনিয়োগের জন্য ইজ অব ডুয়িং বিজনেস খুবই গুরুত্বপূর্ণ বলে অভিমত ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights