বই উৎসবের ব্যানারে হাসিনার ছবি, যা বলছেন কতৃপক্ষ

অনলাইন ডেস্ক
নোয়াখালীর চাটখিলে একটি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসংবলিত ব্যানার টাঙিয়ে বই উৎসবের ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) সকাল ১১টায় চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। প্রাথমিক বিদ্যালয়টিতে মোট ২২৪ জন শিক্ষার্থী রয়েছে। গতকাল প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে উৎসবের আয়োজন করা হয়।

এ বিষয়ে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া আফরোজ জানান প্রধান শিক্ষক অবসরে যাওয়ায় গতকাল বুধবার থেকে তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়েছেন। তিনি বলেন, ‘ভুল করে গত বছরের ব্যানার টাঙিয়ে বই উৎসব করা হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি রয়ে গেছে। বিষয়টির জন্য আমরা দুঃখিত।’

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল হান্নান পাটোয়ারী বলেন, ‘সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শেখ হাসিনার ছবিসহ ব্যানার দিয়ে অনুষ্ঠানের বিষয়টি আমার জানা নাই। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনসুর আলী বলেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এমন ভুল কীভাবে হয়। এ বিষয়ে খোঁজখবর নিয়ে সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights