বকশীগঞ্জে ক্যান্সার আক্রান্ত পারভিন আক্তারের পাশে দাঁড়ালেন প্রবাসী সাজু মিয়া

জামালপুর জেলা প্রতিনিধি: রিপন রাজ

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর গ্রামের ক্যান্সার আক্রান্ত পারভিন আক্তারের চিকিৎসার ব্যয়ভার দীর্ঘদিন ধরেই পরিবারকে চাপে ফেলেছে। চিকিৎসার খরচ মেটাতে হিমশিম খাওয়া পরিবারটির পাশে অবশেষে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন মরিশাস প্রবাসী সাজু মিয়া। তিনি পারভিন আক্তারের হাতে ব্যক্তিগতভাবে নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে সাজু মিয়ার পক্ষ থেকে এই অনুদান তুলে দেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতালেব সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, বাট্টাজোড় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ হাবিব এবং যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হোসেন সবুজ।
অনুদান গ্রহণের মুহূর্তে উপস্থিত ছিলেন ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ গোলাপ জামাল, নারী ইউপি সদস্য লাবনী আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এলাকাবাসী।

পারভিন আক্তারের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি চিকিৎসাধীন আছেন। ক্রমাগত ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করতে না পেরে পরিবার দুশ্চিন্তায় পড়ে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসেন প্রবাসী সাজু মিয়া। তার এই সহযোগিতা পরিবারে নতুন আশার সঞ্চার করে।

স্থানীয়রা জানান, অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ সমাজে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তারা আরও বলেন, সমাজের বিত্তবানরা যদি এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে অনেক পরিবার স্বস্তি পাবে এবং অনেক রোগী চিকিৎসা পাওয়ার সুযোগ পাবে।

ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ গোলাপ জামাল বলেন, “মানবিক সহায়তা শুধু একটি দান নয়, এটি মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধকে আরও সুদৃঢ় করে।”
পারভিন আক্তারের পরিবার প্রবাসী সাজু মিয়া এবং তার সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights