বকশীগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা, আটক-১
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে সংবাদ সংগ্রহের সময় দৈনিক ভোরের দর্পণ এর উপজেলা প্রতিনিধি মতিন রহমানের ওপর হামলার ঘটনা ঘটেছে।
হামলায় তাঁকে বেদম মারপিট ও আহত করা হয়েছে। হামলায় আহত সাংবাদিক মতিন রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের নামা পাড়া এলাকায় এঘটনা ঘটে।
হামলার শিকার সাংবাদিক মতিন রহমান জানান, বিকাল সাড়ে ৫ টার দিকে সদ্য অনুষ্ঠিত বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনের ৫ নম্বর ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর কামরুজ্জামান সুজন ও পরাজিত প্রার্থী জয়নাল আবেদিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এই সংবাদ সংগ্রহের জন্য আমরা কয়েকজন গণমাধ্যমকর্মী নামাপাড়া এলাকায় যাই। সংবাদ সংগ্রহ শেষে নবনির্বাচিত কাউন্সিলর কামরুজ্জামান সুজনের বক্তব্য নিতে গেলে তাঁর সমর্থক ও আত্মীয় স্বজনরা আমার ওপর অতর্কিত হামলা চালায় এবং ব্যাপক মারধর করে। পরে আমার সহকর্মীদের সহযোগিতায় আমাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে সংবাদ সংগ্রহকালে সাংবাদিক মতিন রহমানের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় কর্মরত সংবাদকর্মীবৃন্দ।
এঘটনায় রাতেই বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন সাংবাদিক মতিন রহমান। অভিযোগ দায়েরের পর অভিযান চালিয়ে বকশীগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে পৌর শহরের নামাপাড়া এলাকা থেকে মামলার প্রধান আসামি তৌহিদুজ্জামান তৌহিদকে (৪৩) আটক করেছে। আটককৃত তৌহিদ নামাপাড়া এলাকার আবিরুজ্জামান আক্কাছের ছেলে।
