বগুড়ায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়ার কাহালুতে দেশীয় অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার জামগ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে শর্টগান, পিস্তলের দুটি গুলি, একটি চাইনিজ কুড়াল, একটি রামদা, দুটি বড় চাকু, একটি লোহার পাইব, একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। এছাড়াও তাদের কাছে থাকা অস্ত্র বহনের মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-নন্দীগ্রাম উপজেলার ভাদরা নিশিন্দারা গ্রামের আব্দুর রহমানের ছেলে শাহিন (৩৫) ও আব্দুল মতিনের ছেলে আজিজুল ইসলাম (৩০)।
কাহালু থানার ওসি মাহমুদ হাসান জানান, নন্দীগ্রামের এক ব্যবসায়ী দুপচাঁচিয়ায় ধান দেন। তিনি মালঞ্চা-জামগ্রামের সড়ক হয়ে দুপচাঁচিয়া থেকে নন্দীগ্রামে যান। এই ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নেওয়ার জন্য এক সপ্তাহ থেকে পরিকল্পনা করে গ্রেফতারকৃত দুইজন আরো কয়েকজন। এ খবর পাওয়ার পর মালঞ্চা-জামগ্রাম সড়কের ভেটিসোনাই ও পরিশেষের মাঝপথে পুলিশ অবস্থান নেয়। পুলিশের অবস্থান টের পেয়ে গ্রেফতারকৃত দুইজনসহ অন্য দুস্কৃতিকারীরা মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে গ্রেফতার করা হয়।
