বগুড়ায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা
নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়ায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের হাতে সহায়তা প্রদান করলেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। রবিবার দুপুরে জেলা প্রশাসন চত্বরে ক্ষতিগ্রস্থ ওই দুই পরিবারের মাঝে ৩ বান্ডি ঢেউটিন, ১০টি কম্বল, শুকনো খাবারসহ নগদ টাকা প্রদান করেন।
এরআগে গত শনিবার বেলা ১০টায় বগুড়া পৌরসভার নারুলি এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল। এতে নুরুল হক ও নয়ন হোসেন নামের দুটি পরিবারের বাড়িঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এসময় ওই দুটি পরিবারের সদস্যরা ঘরের বাহিরে থাকায় প্রানহানির ঘটনা ঘটেনি। পরিবার দুটি গত শনিবার খোলা আকাশের নীচে রাত কাটায়। বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসলে তিনি রবিবার দুপুরে দুটি পরিবারের সদস্যদের ডেকে পাঠান।
পরে তিনি ক্ষতিগ্রস্থ ওই দুটি পরিবারের সদস্যদের সান্তনা দেন। এসময় তিনি তাদের মধ্যে ঢেউটিন, কম্বল, শুকনো খাবার ও নগদ টাকা তুলে দন।
জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, অসহায় ও মানবতার কাজে জেলা প্রশাসন সবসময় পাশে ছিল এবং আগামীতেও থাকবে। প্রয়োজনে তাদের আরও সহায়তা দেয়ার আশ্বাস দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা ইয়াসমিন, বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া, বগুড়া সদর উপজেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মনিরুজ্জামান মনির।
