বগুড়ায় ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, খামারি নিহত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়ার দুপচাঁচিয়ায় ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে মানিক চৌধুরী (৫০) নামের এক খামারি নিহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে উপজেলার গুনাহার ইউনিয়নের ঝাঝিড়া বাঙালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মানিক দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের ঝাঝিড়া বাঙালি বাজার এলাকার আহম্মেদ আলীর ছেলে। অভিযুক্ত কাকরুল উপজেলার তালুচ পশ্চিমপাড়া গ্রামের মৃত শরিফ উদ্দিনের ছেলে।

জানা গেছে, ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে সোমবার রাত আনুমানিক ৯টার দিকে গুনাহার ইউনিয়নের ঝাঝিড়া বাঙালি বাজারে একটি সালিশ বৈঠক বসে। বৈঠক চলাকালে তুচ্ছ ঘটনার জেরে বিবাদী মো. কাকরুল (২৮) ক্ষিপ্ত হয়ে লোহার স্টিক দিয়ে মানিকের মাথায় এলোপাতাড়ি আঘাত করেন।

এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।

নিহতের বড়ছেলে সাহেদ বলেন, আমার বাবাকে যারা নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে তাদের একজনও যেন ছাড় না পায়। আমি প্রশাসনের কাছে বিচার চাই।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights